শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৭ নভেম্বর সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীর এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
এবার আগে মাটি স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে। মাটি ঠিক থাকলে নতুন চারা টিকে থাকা সহজ হবে। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বন প্রতিনিয়ত ঝুঁকিতে। এই বন ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষের বসতি ও ফসল বাঁচায়। রক্ষা করে জীববৈচিত্র্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়ার কথা রয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।