শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারকে ইইউর আহ্বান

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৬   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও ক্ষতিগ্রস্তদের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৯ নভেম্বর আইসিজের রায় নিয়ে দেওয়া এক বিবৃতিতে ইইউর মুখপাত্র এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বিশ্বব্যাপী দায়মুক্তির সংস্কৃতির অবসান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠায় নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

ইইউ মনে করে, রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা, বাস্তুচ্যুতি ও নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তাদের ওপর সংঘটিত এসব অপরাধের দায় নির্ধারণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সংস্থাটির মতে, আইসিজের এই ঐতিহাসিক সিদ্ধান্ত শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের প্রশ্নই সামনে আনেনি, বরং আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতাও নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

বিবৃতিতে মিয়ানমারকে কোনো ধরনের বিলম্ব না করে আদালতের রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়। বিশেষ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে।

ইইউর বক্তব্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব না হলে তাদের ক্ষতির উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ, অপরাধের দায় স্বীকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে মিয়ানমারকে।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলা কোনো রাষ্ট্রের ইচ্ছাধীন বিষয় নয়। আন্তর্জাতিক আইনের আওতায় এটি সংশ্লিষ্ট রাষ্ট্রের বাধ্যবাধকতা।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কোনো টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নানা ধরনের হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাড়ছে উল্লেখ করে আইসিজের স্বাধীনতা, কর্তৃত্ব ও কার্যকারিতার প্রতি সমর্থন জানিয়েছে ইইউ। সংস্থাটির মতে, রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতির শেষাংশে সংশ্লিষ্ট সব পক্ষকে আইসিজের সিদ্ধান্ত অবিলম্বে ও সম্পূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের রায় ও কর্তৃত্বের প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে কেশভ মহারাজকে। চোটের কারণে নেই টেম্বা বাভুমা। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন এনরিখ নরকিয়া এবং চোট কাটিয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।
স্বাস্থ্য খাতে জনবল সংকট কমাতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। প্রকৃত শূন্য পদ নির্ধারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নতুন তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।