শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকাসহ ৮ জেলায় নিরাপত্তায় ৯০ প্লাটুন বিজিবি

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ১২:৫২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

২১ নভেম্বর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন তাঁরা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়ার কথা রয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে কেশভ মহারাজকে। চোটের কারণে নেই টেম্বা বাভুমা। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন এনরিখ নরকিয়া এবং চোট কাটিয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।