শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাকে উড়িয়ে এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৫   ১২:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল রংপুর বিভাগ। রোববার সিলেটে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতেছে উত্তরবঙ্গের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো বেগই পেতে হয়নি রংপুরকে। নাসির হোসেনের ঝড়ো ব্যাটিং আর নাঈম ইসলামের দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জাহিদ জাভেদের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন নাসির। জাভেদ ২৭ রানে আউট হলেও নাসির খেলেন ৩১ বলে ৪৬ রানের এক বিস্ফোরক ইনিংস। দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম বাকি কাজ সারেন। নাঈম ৩২ বলে ৪০ এবং আকবর ১৫ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি খুলনা। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসের পরও খুলনার সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি। এই জয়ের মাধ্যমে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুই আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রংপুর বিভাগ।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।