শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ব্যাটে ব্যর্থতা, বল হাতে অবদান, জিতে শীর্ষে অ্যান্টিগা

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৫   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে এখনও আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবারের লড়াইতেও মাত্র ১৩ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। তবে বল হাতে নিজের একমাত্র ওভারেই মাত্র ২ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। তার সামান্য অবদানও শেষ পর্যন্ত অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সকে জয়ের পথে রাখে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ফ্যালকন্স। শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতেই রাহকিম কর্নওয়াল (৯) আউট হন। এরপর অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) ফেরায় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়ান অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন। তাদের ৬৯ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। অ্যালেনের ২০ বলে ৪৫ রান ও ইমাদের ২৭ বলে ৩৯ রানের ঝলক অ্যান্টিগাকে পৌঁছে দেয় ১৬৭ রানে।

জবাবে রান তাড়ায় নামা ত্রিনবাগোর ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ওপেনার অ্যালেক্স হেলস (৫) দ্রুত বিদায় নেন। এরপর কলিন মুনরো (৪৪) কিছুটা চেষ্টা করলেও সঙ্গী পাননি। পুরান (১০), ব্রাভো (২) ও কার্টি (৩৫) ফিরে গেলে চাপ আরও বাড়ে। তখন দলের আশা হয়ে দাঁড়ান কাইরন পোলার্ড। শেষ পর্যন্ত তিনি ২৮ বলে ৪৩ রান করে লড়াই জমিয়ে তুললেও, শেষ ওভারে ১৪ রান দরকার থাকা অবস্থায় ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় নাইট রাইডার্স।

অ্যান্টিগার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওবেদ ম্যাককয়, যিনি তুলে নেন ৪ উইকেট। সাকিব ও কর্নওয়াল নেন একটি করে উইকেট। এই জয়ে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।