শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০১:০৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে যেন উড়ছে বাংলাদেশ। গ্রুপপর্বে টানা জয়ে শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর আবারও ফাইনালে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৫ আসরের ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর আর কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারেনি। আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান।

২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া বাংলাদেশ। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে চায় স্বাগতিকরা। প্রতিপক্ষ পাকিস্তানও এরই মধ্যে হুঙ্কার দিয়ে রেখেছে। দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে।

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাদের নৈপুণ্যে দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ মিলেছে।

এর আগে বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়া পাকিস্তনের হুমকির বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনালে। তবে রক্ষণভাগে কয়েকটি চোট-সমস্যা রয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে গোঁড়ালির টেন্ডনে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অন্য ডিফেন্ডারদের ফিটনেস ও খেলার উপযোগিতা নিয়েও ভাবতে হবে কোচিং স্টাফকে।

ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে বাংলাদেশ। সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে হামজা ও তার সতীর্থরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। জয় পেলে আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দীর্ঘ অপেক্ষা অবসানের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এবারের চ্যালেঞ্জ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়বার শিরোপা জয়ের অপেক্ষায় কেটে গেছে ২৩ বছর। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশকে।

তবে সেমিফাইনালে বাংলাদেশের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে লড়াই করে হেরেছিল তারা। তবে শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।