শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় যুব এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাতে আফগানিস্তানের যুবাদের কাছে ১১৩ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় হার বাংলাদেশের

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ০৭:৩৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বোলাররা প্রতিপক্ষকে নাগালের মধ্যেই রেখেছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় যুব এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাতে আফগানিস্তানের যুবাদের কাছে ১১৩ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ফরহাদ হাসানের দল। আফগানিস্তানের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাঁচ ব্যাটারকে হারায় দলটি। এরপর ১১তম ওভারে রকিবুল হোসেনের বিদায়ের পর মাত্র ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিকের ৫৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। তবে তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত বড় কোনো কাজে আসেনি। ৫৮ বলে ৪১ রান করে সিয়াম এবং ৪৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন অনিক।

শেষ দিকে রুবাই ইসলাম রিজনের ঝোড়ো ব্যাটিং পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছে। ১৪ বলে ২১ রান করেন এই পেস অলরাউন্ডার। তবে তাতে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১১৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে আমির হামজা, নুর আলি নিয়াজাই ও সামিউল্লাহ মুবারেজ তিনটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শাহ ফয়সাল রাহিমির দায়িত্বশীল ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় আফগানিস্তান। পঞ্চম উইকেটে তাহির সারওয়ারির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন রাহিমি। তাহিরের ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্য প্রান্তে অবিচল থেকে ৯৭ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন রাহিমি।

ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের কার্যকর অবদানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে আফগানরা।

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার তাফিউল আলম তামিম। তিনি একাই শিকার করেন চার উইকেট। এ ছাড়া রবিউল হাসান অনিক দুটি এবং রুবাই ইসলাম রিজন ও শেখ আতিকুর রহমান একটি করে উইকেট নেন।

বড় হারের ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। শনিবার একই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।