২৪ঘন্টা অনলাইন: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের খুব কাছে গিয়ে ড্র করতে হয়েছে একমাত্র টেস্ট। সেই হতাশা কাটাতে ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্য ছিল বাংলাদেশ দলের। কিন্তু মাত্র চারদিনেই বড় হার মেনে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সফরকারীদের চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। তারই খেসারত দিতে হলো ৪ দিনেই বড় ব্যবধানে হেরে।
মেঘ বৃষ্টির লুকোচুরির মধ্যেই ঢাকা টেস্টে ৮ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট হারে ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ২৭২ রানের পুঁজি গড়তে পেরেছিল বাংলাদেশ। জবাবে নাঈম হাসানদের দারুণ বোলিংয়ে সফরকারী ক্যারিবীয়দের ২৪৫ রানেই আটকে দেয় স্বাগতিক দল। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ব্যর্থতা। নাঈমের ৫২ রানের ইনিংসে কোনোমতে ১৪২ রান করে থামে বাংলাদেশ। লিড দাঁড়ায় মাত্র ১৭০ রানের। অল্প পুঁজি নিয়েও বোলিংয়ে যেভাবে চেপে ধরা দরকার ছিল, তবে তেমন কিছু পারেনি বাংলাদেশ। ম্যাচ টিকিয়ে রাখতে দ্রুত ব্রেক থ্রু’র বিকল্প ছিল না স্বাগতিকদের। যদিও ওয়েস্ট ইন্ডিজের শতরানের বেশি ওপেনিং জুটিতে তেমন সব ধরনের পরিকল্পনা কার্যত ভেস্তে যায়।
যতক্ষণে পর্যন্ত প্রথম উইকেটের পতন হয়, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। ২১তম ওভারে শরিফুল ইসলামের বল জন ক্যাম্পবেলের লেগ স্টাম্প ভেঙে দেয়। তারপর সতীর্থদের সঙ্গে উদযাপন করলেন বাংলাদেশি পেসার। ততক্ষণে শক্ত ভিত গড়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের ওপেনিং জুটি ভাঙে ১১২ রানে। ম্যাচে বাংলাদেশকে যখন হার চোঁখ রাঙাচ্ছে, এই সময়ে ক্যাম্পবেলকে হাফ সেঞ্চুরি করতে না দেওয়ার সাফল্যই যেন বাংলাদেশের গ্যালারিতে আনন্দের ঢেউ তুলেছিল। ক্যাম্পবেল ৫৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৯ রানে আউট হয়েছেন। ততক্ষণে ব্র্যান্ডন কিং তার পঞ্চম ফিফটির দেখা পেয়েছেন। অথচ তারও পঞ্চাশের আগেই বিদায় নেওয়ার কথা ছিল। ৪৪ রানে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান এই ডানহাতি ব্যাটার। বলও সীমানা অতিক্রম করে। আর পরের বলে আরেকটি চার মেরে ৬৮ বলে ফিফটির দেখা পান কিং। শান্ত আঙুলের চোট নিয়ে মাঠ ছাড়েন। কিছুক্ষণের জন্য ভারপ্রাপ্ত নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। ৮ রানের ব্যবধানে বাংলাদেশ দ্বিতীয় উইকেট পায়। তেজনারায়ণ চন্দরপলকে ১ রানে তাইজুল ইসলামের ক্যাচ বানান হাসান মাহমুদ।
তারপর কাভেম হজ নেমে আগ্রাসী ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নেন। ৩৬তম ওভারের প্রথম বলে জয়সূচক রান করেন কিং। ১১৫ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। হজ ২৭ বলে ৩১ রানে খেলছিলেন। ৩৫.১ ওভারে ২ উইকেটে ১৭০ রান করে ক্যারিবিয়ানরা। এর আগে বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। ১৮ রানে অপরাজিত নেমে নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর টেনেটুনে ১৪২ রানে নেন। মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল। চতুর্থ দিনে নামার আগে স্বীকৃত ব্যাটার জাকের আলির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনি পারেননি, আট নম্বরে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে তারা ১৭০ রানের লক্ষ্য দিয়েছে। এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। তবে ঘরের মাঠ মিরপুরে যখন বাংলাদেশ দল গভীর খাদে, তখন করছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে দেওয়ার পথে নাঈম ৪ উইকেট নিয়েছিলেন। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখালেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পেয়েছিল। তবে তৃতীয় দিনে তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৯ রান। চতুর্থ দিনের শুরুতেই স্বীকৃত ব্যাটার জাকের আলি জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়েছেন। তার ব্যাটে এসেছে ২২ রান। এরপর ২৯ রানে জীবন পান নাঈম। চেজ স্লিপে ক্যাচ ছাড়ার পর সেটিকে কাজে লাগালেন তিনি। আট নম্বরে নামা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সর্বোচ্চ রানসংগ্রাহক। জাকের আলির ২২ রান দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ৫৩ রানেই ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি সেই রানকে ১৪২ এ নিয়ে থামলেন। ৯১ বলে ৪ চারে ৫২ রান করে রোস্টন চেজের বলে ক্যাচ দিয়েছেন তিনি। এর মধ্য দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হলো বাংলাদেশ।
