শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক পেল না বাংলাদেশ

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক জয়ের আশা শেষ হয়েছে বাংলাদেশের। রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের কোনো আরচ্যারই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি। ফলে জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস থেকে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টে শিমু আক্তার প্রথম রাউন্ডে প্যালেস্টাইনের রাশাকে ৬-০ সেট পয়েন্টে হারান। তবে পরের রাউন্ডে চীনের জুয়ের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নেন তিনি।

বাংলাদেশের ১৪ বছর বয়সী আরচ্যার সায়মা সালাউদ্দিনও নজর কাড়েন। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে হারিয়ে প্রি-কোয়ার্টারে ওঠেন তিনি। তবে সেখানে ভারতের আনিলের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যান।

পুরুষ রিকার্ভে আব্দুর রহমান আলিফ প্রথম রাউন্ডে থাইল্যান্ডের তানাকর্নকে ৬-০ ব্যবধানে হারালেও পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার লির কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। রামকৃষ্ণ সাহাও বাই পাওয়ার পর কাজাখস্তানের ডাউলেটকেডির কাছে ৬-২ ব্যবধানে হেরে বিদায় নেন।

বাংলাদেশের আরচ্যারিতে রিকার্ভ ইভেন্ট থেকেই অতীতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। অলিম্পিকে অংশ নেওয়া এবং বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে রোমান সানার ব্রোঞ্জ জয়ের মতো অর্জন থাকলেও এশিয়ান গেমসে এবার প্রত্যাশা পূরণ হয়নি।

বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, দলীয় ইভেন্টে তাদের প্রত্যাশা বেশি ছিল। ব্যক্তিগত ইভেন্টে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি।

তবে ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিনের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও ট্রায়ালের মাধ্যমে দলে জায়গা পাওয়া সায়মাকে ভবিষ্যতের প্রতিভা হিসেবে দেখছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।