শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদ রানা হলেন আইসিসির মাসসেরা

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০৪:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাইশ গজে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ।

১৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতি এই পেসার।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।”

সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ। পাওয়ারপ্লেতেই তুলে নেন ২ উইকেট। পরে আরও ৩ উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন তিনি। নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে। ইকোনমি রেট ছিল ৪.৪৬। এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।