শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্কার’ জিতলেন আলকারাজ ও সাবালেঙ্কা, বর্ষসেরা তরুণ ইয়ামাল

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ১১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ‘খেলাধুলার অস্কার’ খ্যাত মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবার দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের দুটি শীর্ষ পুরস্কারই নিজেদের করে নিয়েছেন টেনিস কোর্টের তারকারা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের মুকুট পরেছেন আরিনা সাবালেঙ্কা। অন্যদিকে, বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে।

সোমবার স্পেনের মাদ্রিদের সিবেলেস প্যালেসে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে দারুণ সময় কাটানো ২২ বছর বয়সী আলকারাজ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন। উচ্ছ্বসিত আলকারাজ বলেন, ‘যাঁরা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

অন্যদিকে, গত বছর ইউএস ওপেন জয়ী নারীদের শীর্ষ বাছাই সাবালেঙ্কাও প্রথমবারের মতো লরিয়াস পুরস্কার জিতেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা সেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে বেশ খুশি ইয়ামাল। তিনি বলেন,  ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’

এরপর লিওনেল মেসিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।