শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত সিরিজ চালুতে ভারতকে বিসিবির প্রস্তাব

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৫:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলা অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়ন কাটাতে এবার বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস একটি প্রতিবেদনে এমনটিই নিশ্চিত করেছে।

চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং কূটনৈতিক সংবেদনশীলতার জেরে দুই বোর্ডের সম্পর্কে ফাটল ধরে। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা অজুহাত দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি), যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।

আবার আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ। আর আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায়, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না।

বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পরস্পরের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। চেলতি মাসের ১৭ তারিখে প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হবে সিরিজটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।