২৪ঘন্টা অনলাইন: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাধার মাংস এবং জীবন্ত গাধা, কুকুর, শিয়াল, কচ্ছপ ও বনরুই (প্যাঙ্গোলিন) উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেছে ইসলামাবাদ খাদ্য কর্তৃপক্ষ(আইএফএ)।
এক প্রতিবেদনে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর আইএফএ এবং পুলিশের একটি টিম ইসলামাবাদের সেক্টর ডি-১৪ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেই অভিজানে জব্দ ও উদ্ধার করা হয় ৮০০ কেজি গাধার মাংস, একটি মৃত গাধা, ১২টি জীবিত গাধা, ৫টি জীবিত কুকুর, ১৭টি কচ্ছপ, একটি শিয়াল এবং একটি প্যাঙ্গোলিন। গতকাল (শুক্রবার) প্রায় উদ্ধার ও জব্দ করেছে আইএফএ।
কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বাসিন্দারা ওই স্থানে মাংস প্রক্রিয়াজাত বা সংরক্ষণের জন্য কোনো বৈধ লাইসেন্স বা আইনি নথিপত্র দেখাতে পারেননি। এছাড়া এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে, স্থাপনাটি স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত নিয়মকানুন চরমভাবে লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না— জানা যায়নি, তবে বাড়িটির বাসিন্দাদের বিরুদ্ধে রাজধানীর গোলরা থানায় ‘ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ফুড সেফটি অ্যাক্ট, ২০২১’-এর ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ধারার আওতায় একটি মামলা করেছে আইএফএ।
পাকিস্তানের রাজধানীতে এ ধরনের অভিযানের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে তারনোল এলাকায় অনুরূপ একটি অভিযানে ৫০টিরও বেশি গাধা এবং বিপুল পরিমাণ সন্দেহজনক অবৈধ মাংস উদ্ধার করা হয়েছিল।
