২৪ঘন্টা ডেস্ক: কুয়েতের মরুভূমিতে তিন দশকেরও বেশি সময় আগে পুঁতে রাখা যুদ্ধকালীন বিস্ফোরক কেড়ে নিল এক বাংলাদেশির প্রাণ। দেশটির আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত হয়েছে কাছাকাছি থাকা একটি উটও।
দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গেলেও কুয়েতের বিস্তীর্ণ মরুভূমিতে যুদ্ধের রেখে যাওয়া বিস্ফোরক এখনো যে প্রাণঘাতী হয়ে আছে, সর্বশেষ এই দুর্ঘটনা তারই প্রমাণ।
ঘটনার খবর পাওয়ার পরপরই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক বিশেষজ্ঞ ও উদ্ধারকর্মীদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মরুভূমিতে চলাচলের সময় ওই বাংলাদেশি নাগরিকের পা পড়ে মাটির নিচে থাকা একটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিস্ফোরণের অভিঘাতে আশপাশে থাকা একটি উটও আহত হয়। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, দুর্ঘটনাস্থলে আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পাশাপাশি পুরো এলাকায় তল্লাশি চালাতে সেনাবাহিনীর বিশেষ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করা হয়। তদন্তে ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগ, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও অংশ নেন।
ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
অন্যদিকে, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় দূতাবাসের হাতে পৌঁছায়নি। পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় দেশটির বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মাইন ও অন্যান্য বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার কয়েক দশক পরও এসব বিস্ফোরকের কিছু অংশ মরুভূমির মাটির নিচে রয়ে গেছে। ফলে প্রত্যন্ত এলাকায় চলাচলকারী মানুষ ও প্রাণীদের জন্য তৈরি হচ্ছে প্রাণঘাতী ঝুঁকি।
একটি পুরোনো যুদ্ধের বিস্ফোরক যে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন কেড়ে নিতে পারে, আল-সালমির এই মর্মান্তিক ঘটনা আবারও সেই বাস্তবতাকে সামনে আনল।
