বিয়ের সাজে নতুন রূপে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গাঢ় লাল শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় সাজানো তাঁর এক মিনিটের ভিডিওটি প্রকাশের দুই দিনের মধ্যেই ২২ লাখের বেশি ভিউ পেয়েছে। ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার নতুন ব্রাইডাল লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিয়ের সাজে নিজের একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ২২ লাখের বেশি বার দেখা হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। সেখানে তাঁকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি কনের সাজে। গাঢ় লাল রঙের শাড়িতে সোনালি নকশার কারুকাজ, মাথায় মানানসই ওড়না এবং জমকালো গয়নায় দারুণভাবে ফুটে উঠেছে তাঁর সাজ।
কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়ি—সব মিলিয়ে পূর্ণিমার পুরো সাজে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া। পরিপাটি মেকআপ তাঁর ব্রাইডাল লুককে দিয়েছে বাড়তি আকর্ষণ।
ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বিশেষ আয়োজন। লাল পর্দা ও ঝাড়বাতির আবহে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’
ভিডিও প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুসারীদের কাছ থেকে আসছে নানা প্রশংসাসূচক মন্তব্য। অনেকেই তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন, কীভাবে এখনো এমন আকর্ষণীয় সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। অভিনয়দক্ষতা ও সৌন্দর্য দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত এই অভিনেত্রী। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তাঁকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।
নতুন সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি ও ভিন্নধর্মী সাজের মাধ্যমে ভক্তদের আগ্রহ ধরে রেখেছেন পূর্ণিমা। তাঁর সাম্প্রতিক ব্রাইডাল ভিডিওর বিপুল ভিউ সেই জনপ্রিয়তারই আরেকটি উদাহরণ।
সুইমিং পুলে কালো সুইমস্যুটে নতুন লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার নিজের ফেসবুক পেজে ‘আমার আমি’ ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্ট দেওয়ার মাত্র ৩০ মিনিটে প্রতিক্রিয়া ছাড়িয়েছে সাড়ে সাত হাজার, মন্তব্য জমেছে ছয় শতাধিক। অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন এই অভিনেত্রী।
গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে কিসলু গোলাম হায়দারের প্রথম সিনেমা ‘মস্তান’। এতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জা ও সামিরা খান মাহির। আগামী ২৫ নভেম্বর ঢাকার বাইরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে সিনেমাটি।
দীর্ঘদিন অভিনয়ের কাজ না পেয়ে সামাজিক মাধ্যমে কাজের আবেদন জানিয়েছিলেন বলিউড অভিনেতা শরদ কাপুর। তার সেই আহ্বানে সাড়া দিয়ে ফোন করেছেন শাহরুখ খান। পছন্দের কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ‘জোশ’ সিনেমার এই পুরোনো সহশিল্পী।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্নো লেপার্ড অ্যাওয়ার্ড জিতেছেন নাজিফা তুষি। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও তিনটি পুরস্কার পেয়েছিল সিনেমাটি। আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চ, টেলিভিশন, টেলিফিল্ম ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৬ ডিসেম্বর সংগঠনটির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।