শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্নো লেপার্ড অ্যাওয়ার্ড জিতেছেন নাজিফা তুষি। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও তিনটি পুরস্কার পেয়েছিল সিনেমাটি। আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

‘রইদ’ সিনেমায় সেরা অভিনেত্রী নাজিফা তুষি

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৬   ০২:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিত করার পথে আরও একটি অর্জন যুক্ত হলো। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের সুবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।

পুরস্কার পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তুষি। একই সঙ্গে এই অর্জনকে শুধু নিজের নয়, পুরো ‘রইদ’ পরিবারের সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। সিনেমাটির সঙ্গে যুক্ত পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তুষি বলেন, এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তাঁদের জন্য শুরু থেকেই আনন্দের বিষয় ছিল। এশিয়ার বিভিন্ন দেশের গল্প বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়ার এমন মঞ্চে ‘রইদ’-এর অংশ হতে পেরে তিনি গর্বিত।

পুরস্কারপ্রাপ্তির জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পরিবারের সমর্থন ও ভক্তদের ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই অর্জনের পেছনে পুরো দলের সম্মিলিত পরিশ্রম ও অবদান রয়েছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’-এর সাফল্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সিনেমাটি একাধিক পুরস্কার অর্জন করে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ওই উৎসবে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক—এই তিন বিভাগে পুরস্কার পায় ছবিটি।

‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছেও সাড়া পায় ছবিটি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক স্বীকৃতি পাওয়ায় ‘রইদ’ এখন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আলোচিত একটি নাম। আর এই যাত্রায় নাজিফা তুষির সেরা অভিনেত্রীর পুরস্কার ছবিটির সাফল্যে যোগ করল নতুন মাত্রা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চ, টেলিভিশন, টেলিফিল্ম ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৬ ডিসেম্বর সংগঠনটির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
শাহরুখ খানের সঙ্গে চেহারা ও ব্যক্তিত্বের মিল নিয়ে হওয়া তুলনাকে প্রশংসা হিসেবে দেখেন আরিয়ান খান। তবে বাবার পরিচয়ের বাইরে পরিচালক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করতে চান তিনি। গল্প বলার নতুন ধরন ও সৃজনশীল ভাবনাকে পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করেন শাহরুখপুত্র।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।