শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ০৪:৪৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনায় দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো চলছে গণনার কাজ।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানসিন্দুক ও অতিরিক্ত ৫টি টিনের দানবাক্স খোলা হয়। পরে এসব টাকা বস্তায় ভরে মসজিদের দোতলার মেঝেতে নেওয়া হয়। সকাল ৯টা থেকে টাকা গণনা শুরু হয়। তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো গণনা চলছে।

এবার পাগলা মসজিদের ১০টি লোহার দানসিন্দুকের পাশাপাশি অতিরিক্ত ৫টি টিনের বাক্স রাখা হয়েছিল। শনিবার সকাল ৭টায় মোট ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া যায়। পরে সেগুলো মসজিদ কমপ্লেক্সের দোতলায় এনে গণনা শুরু করা হয়।

টাকা গণনার কাজে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নিয়েছেন।

সকাল ৭টায় দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন।

এর আগে, চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। সেবারও টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্স থেকে পাওয়া অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

এদিকে, পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক তুরস্কের নকশায় বহুমুখী কার্যক্রমের উপযোগী ১০ তলা ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। এর নাম হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। প্রকল্পটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। কমপ্লেক্সটিতে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদ কর্তৃপক্ষের দেওয়া তথ্যে বলা হয়েছে, পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া সব টাকা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা রাখা আছে। এ ছাড়াও মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে। যা থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থসহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই তহবিল থেকে সহায়তার জন্য ব্যয় করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।