শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। প্রবেশপথে তল্লাশি, যানবাহন পরীক্ষা ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৬   ১১:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

১৮ নভেম্বর এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি এবং নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন তল্লাশিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে। শুধু ব্যস্ত সময়েই নয়, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতভর টহল ও পর্যবেক্ষণ চালু রাখার নির্দেশনা রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তায় একাধিক স্তরে নজরদারি বাড়ানো হচ্ছে। যাত্রী, দর্শনার্থী ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।