শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৬   ০৭:৩০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে খুলনা বাস মালিক সমিতি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

জাহিদ হোসেন খান আরও বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা পড়েছেন বেশি ভোগান্তিতে। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।