শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৯:২১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) তাকে বারিধারার একটি বাসা থেকে আটক করা হয় বলে জানা গেছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।

মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের পক্ষের লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়।

ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।