শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের গাড়িতে আগুনের পর নিরাপত্তা জোরদার করেছে সারকার।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৭:৫৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার পর জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভবন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত রোববার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় সরকারি স্থাপনা ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবারও রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা অব্যাহত ছিল।

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ লোকজন থানায় জড়ো হয়। একপর্যায়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে বাধা দেওয়া হয় এবং তাদের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ পরিস্থিতিতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।