শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কবর থেকে তুলে বিক্রি, তেজগাঁওয়ে ৪৭ মানব কঙ্কাল

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০৩:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর তেজগাঁও এলাকায় মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাগ ও বস্তায় রাখা ৪৭টি মাথার খুলিসহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

১০ মার্চ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান। গ্রেপ্তাররা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)।

সংবাদ সম্মেলনে ইবনে মিজান বলেন, আমাদের তেজগাঁও থানার অভিযানিক দল গত ৯ তারিখ রাতে বিশেষ অভিযানের প্রস্তুতিকালে জানতে পারে মনিপুরী পাড়ার একটি জায়গায় যেখানে অবৈধভাবে উত্তোলিত প্রসেস করা কঙ্কাল বিক্রির চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের অভিযানিক দল সেখানে যাই এবং একজন ব্যক্তির সন্দেহজনক আচরণ আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করে তখন তার কাছ থেকে আমরা একটি মানব কঙ্কালের ফুল বডি খুঁজে পাই। পরবর্তীতে তাকে আমরা আটকের পর জিজ্ঞাসাবাদ করি তখন তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং তার সঙ্গে অনেকেই জড়িত। তিনি জানান, তাদের আরও দুইজন তেজগাঁও কলেজের সামনে মানব কঙ্কালসহ অবস্থান করছেন। তখন আমরা তাৎক্ষণিকভাবে আরেকটি টিমকে ওখানে পাঠাই।

তিনি আরও বলেন, সেখানে আমরা আরও দুইজনকে পাই। প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুর ইসলাম ওরফে সৌমিক। তিনি সাপুরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের স্টুডেন্ট। এরপরে যে দুজনকে পাই তারা স্টুডেন্ট না। একজনের নাম আবুল কালাম আজাদ, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি। এই দুজনের কাছেও আমরা দুটি কঙ্কাল পেয়েছি। এই তিনজনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়ত এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে।

এরপর থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার একপর্যায়ে তারা স্বীকার করেন, তাদের এই তিনটি কঙ্কালের বাহিরেও আরও অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানা এলাকায় সাপুরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এই ক্যাম্পাসের পাশে। 

ডিসি বলেন, আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠাই। সেখানে গিয়ে আমাদের টিম আগের তিনটির পরে আরও ৪৪টি বডি একটি রুমে পায়। ক্যম্পাসের হোস্টেলের ৪০২ নম্বর রুমে ছড়ানো ছিটানে অবস্থায় ও বিভিন্ন ব্যাগ, বস্তা ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। আমরা টোটাল ৪৭টি কঙ্কাল জব্দ করি। পরে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা বলেন, এদের মূলহোতা ফয়সা দীর্ঘ দিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। অনলাইনে তারা ‘বোম সেলিং’ একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭০০ জন কর্মী কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০ হাজারের মতো।

তিনি আরও বলেন, আমরা তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তার নামে ২১টি মামলা রয়েছে। ২০০৯ সালে তার নামে প্রথম যে মামলাটি হয়েছিল সেটা আজ তার নামে কবর থেকে সন্তান চুরির ধারায় মামলা হয়েছে এই একই অভিযোগে অভিযুক্ত। এই কঙ্কাল চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ আরও অন্যান্য ধারায় তার নামে মোট ২১টি মামলা রয়েছে। আর তেজগাঁও কলেজের সামনে আসাদুলকে পেয়েছিলাম তার নামে আমরা দুটি মামলা পেয়েছি ডাকাতির প্রস্তুতি এবং চুরির মামলা।

ইবনে মিজান বলেন, তাছাড়া যে স্টুডেন্ট দুজনকে আমরা পেলাম তারা আমাদের কাছে স্বীকার করেছেন যে, মানব দেহের কঙ্কাল বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে কেউ ৫০টি, কেউ ২০-২৫টি কঙ্কাল এ পর্যন্ত বিক্রি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের যেটি বলেছেন যে তাদের সঙ্গে আরও অনেকেই রয়েছে যারা কবর থেকে লাশ উত্তোলন করে। মূলত এই চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। আমরা রিমান্ডে নিয়ে এসে তাদের আরও জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরও যারা বাহিরে রয়েছে তাদের আইন আনার চেষ্টা করব। 

গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো ৬ থেকে ৮ হাজার টাকায় কিনে এরপরে ১৫-২০ হাজার টাকায় কঙ্কাল বিক্রি করে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটা তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল কিনতে আসে বা অনলাইনে বুকিং দেয় তাদের নির্দিষ্ট সময় দেয় এবং তাদের কাছে কঙ্কাল বিক্রি করে। তাদের কাস্টমার হচ্ছে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্ট। আরও অন্যান্য চক্র আছে, তারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। এই প্রসেসের সঙ্গে গ্রেপ্তার চারজনই জড়িত। 

মানব কঙ্কাল সংগ্রহ ও প্রসেস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা অবজার্ভ করে। আর এক বছর পরে এটা উত্তোলনের চেষ্টা করেন। তবে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত সেখানে কিন্তু তারা এই কাজগুলো করতে পারে না। বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায় ১০টা, ২০টা, ৫০টা কবর থাকে যেটা অরক্ষিত, পাহারাদার থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম সে সব জায়গাতে তারা টার্গেট করে। পরে তাদের যে এজেন্ট, লোকবল আছে তাদের দিয়ে কঙ্কালগুলো সংগ্রহ করে। সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় মামলা হয়েছে। আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।