শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।

রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০৭:৫৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে। ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়।

দীর্ঘদিনের নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি পরীক্ষার পর এবার জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করছে রূপপুর প্রকল্প। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা, গ্রিডের ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পরীক্ষামূলক কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, প্রথম দফার পরীক্ষা শেষে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে। পরীক্ষার সময় কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রূপপুরের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষার বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। প্রয়োজনীয় কমিশনিং ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই নিয়মিত বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হবে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের প্রত্যাশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২১ নভেম্বর অথবা নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কার্যক্রম এগোতে পারে।

উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০১৩ সালের ২ অক্টোবর প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রথম ইউনিটের মূল নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে কেন্দ্রটির। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।

রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে। একই সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য খুলবে নতুন সম্ভাবনার পথ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।