শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আর রিকশা বাড়তে দেওয়া হবে না : ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত - ০৩ জানুয়ারি, ২০২৬   ০১:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানী ঢাকায় ভাইরাসের মতো রিকশা আর বাড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।তিনি বলেন, রিকশা আর অবৈধ চার্জিং স্টেশনকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে দেওয়া হবে না। নতুন নকশার রিকশা চলবে নির্দিষ্ট জোনে, নির্দিষ্ট সংখ্যায়, আর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাবনগর এলাকায় নিরাপদ ই-রিকশা পাইলট কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এজাজ বলেন, ‘ডিএমপি প্রতিটি জোন ও ওয়ার্ডভিত্তিক এলাকায় সর্বোচ্চ কত রিকশা চলতে পারবে, সেই সংখ্যা সিটি করপোরেশনকে জানাবে। আমরা সেই হিসাব অনুযায়ী মোট অনুমোদন দেব। অনুমোদনের বাইরে আর কোনো রিকশা নামার সুযোগ থাকবে না। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এটা শতভাগ কার্যকর করা হবে।’ পাইলটিংয়ের জোন বণ্টন ব্যাখ্যা করে তিনি বলেন, আফতাবনগরে আপাতত পুরোনো ই-রিকশা চলবে, আর সাতারকুলে নতুন নকশার রিকশা পরীক্ষামূলক চলাচল শুরু করবে। ‘কালকেই নতুন রিকশা পাবেন না, কারণ ফ্যাক্টরিগুলো এখন থেকে উৎপাদন শুরু করবে। বাজারদর অনুযায়ী ধীরে ধীরে শিফটিং হবে, যেন চালক ও মালিক উভয়ের পরিবর্তনের সুযোগ থাকে,’ বলেন এজাজ।

চালকদের প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি জানান, ‘ইতোমধ্যে ২৪০ জন চালককে লাইসেন্সিং ও ট্রেনিং দেওয়া হয়েছে। ধানমন্ডি-ঝিগাতলা জোনে নতুন রিকশা চলবে, আর মতিঝিলে পুরোনো রিকশার অনুমতি থাকবে এক বছর, নতুন নকশার রিকশার অনুমোদন পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে।’ অবৈধ চার্জিং স্টেশন নিয়েও কঠোর অবস্থান জানিয়ে প্রশাসক বলেন, ‘চার্জিং স্টেশন বন্ধ করলে অবৈধ রিকশা এমনিতেই থেমে যাবে, তাই কোন চার্জিং স্টেশন বৈধ, কোনটা অবৈধ– সেটা শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। চার্জিং ব্যবস্থায় ডিজিটাল নিয়ন্ত্রণ থাকবে, প্রয়োজনে অবৈধ চার্জিং নেটওয়ার্ক বন্ধের কৌশলও তৈরি করা হচ্ছে।’

এজাজ বলেন, ‘লাইসেন্স, ডিজাইন, গতি নিয়ন্ত্রণ, জোনভিত্তিক সংখ্যা– সব মিলিয়ে আমরা একটি কন্ট্রোল মেকানিজম দাঁড় করাচ্ছি। এতদিন কোনো নিয়ম ছিল না, তাই রিকশা ভাইরাসের মতো বেড়েছে। এখন এটা রেগুলেশন ও নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আসবে। পাইলট সফল হলে অন্য জোনেও সম্প্রসারণ করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, এবং ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।