শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৯:৩৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। 

তিনি বলেন, এবার আমরা এমন কোনো দিক রাখিনি যেখানে প্রস্তুতির ঘাটতি থাকবে। ভোটারদের জন্য নিরাপদ, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের একটি রিসোর্টে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন— ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে ভোটারদের জন্য নতুন বিষয় হলো একইদিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এতে ভোটারদের মাঝে প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তি দেখা গেলেও ব্যাপক প্রচার ও প্রশিক্ষণের মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, আমরা রেডিও, টেলিভিশন, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রচার চালাচ্ছি। তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকারও এই প্রচারণায় যুক্ত হচ্ছে। ফলে ভোটারদের কোনো অসুবিধা হবে না। ভোটারদের অভিজ্ঞতা সহজ করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে ‘মক ভোটিংয়ের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ার ডেমো প্রদর্শন করেছে। এতে দেখানো হয়েছে—ব্যালট পেপার কীভাবে ছাপানো হবে, ভোটার কীভাবে লাইন ধরবে, ভোটকেন্দ্রে প্রবেশ থেকে ভোটদান– সব ধাপ, বুথের সামনে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা এসব ডেমো দেখনো হচ্ছে। 

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার পোস্টাল ব্যালট ব্যবস্থাকে নতুন করে বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। 

তিনি বলেন, বিদেশে থাকা আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে আইসিটির সহায়তায় নতুন পোস্টাল ব্যবস্থা চালু করেছি। কে কোন আসনে ভোট দিচ্ছেন— প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাদের ওয়েবসাইটে আপডেট দেখা যাচ্ছে। নিবন্ধিত ভোটারদের কাছে আগেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে এবং নির্বাচনের দিনই তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আইন অনুযায়ী এবার প্রিজাইডিং অফিসারকে আরও শক্তিশালী করা হয়েছে। ফল ঘোষণার আগে ভোটগ্রহণে অন্তরায় সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসারই কেন্দ্র বন্ধের ক্ষমতা রাখবেন। রিটার্নিং অফিসার প্রয়োজনে পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতাও রাখবেন। পুলিশ অফিসারদেরকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হলফনামা গোপন বা ভুয়া তথ্য প্রদান করলেও ভোটে পাস করার পরেও পদ বাতিলের সুযোগ আইনেই নির্ধারিত রয়েছে।

নির্বাচন সঠিক সময়ে হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা আইন-কানুন, বিধি-বিধানসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব মালামালও সম্পূর্ণ ক্রয় করা হয়েছে। এই মাসের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। শিডিউল ঘোষণার পরবর্তী ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।

ভোটারদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, নির্ভয়ে, নিঃসংকোচে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন। সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ২০২৬ সালে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

কর্মশালায় উপস্থিত ছিলেন— নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।