শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপি-জামায়াতের অবস্থান

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লকডাউন ডেকে চট্টগ্রামে মাঠে নামেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে চট্টগ্রামের জনজীবনে তেমন প্রভাব পড়েনি। সড়কে অন্যান্য দিনের চেয়ে যানচলাচল কিছুটা কম রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা নিয়ে যানবাহন মালিক ও চালকদের কিছুটা উৎকণ্ঠা রয়েছে। একারণে যাত্রীর সংখ্যাও কিছুটা কম রয়েছে। তবে অফিস-আদালত খুলেছে। তবে সেবাপ্রার্থীর উপস্থিতি কিছুটা কম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর কিংবা বিভিন্ন উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগর ও বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা যায়। পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারাও ফোর্স নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছে।  

এছাড়া চট্টগ্রাম শহর এলাকায় বুধবার রাত থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে, নাশকতা ঠেকাতে বুধবার থেকে চট্টগ্রামে সরব রয়েছে বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মিছিল করেছে দলগুলো। বৃহস্পতিবার ভোর থেকে মিছিল, অবস্থান কর্মসূচি ও বাইক শোডাউন দিতে দেখা যায়। এসময় কোথাও কোথাও নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে কর্মসূচি পালন করতে দেখা যায়। সরেজমিন এবং খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরের অন্যতম প্রবেশমুখ বাকলিয়া থানার শাহ আমানত সেতুর এলাকায় অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। নগরের চান্দগাঁও ও বহদ্দারহাট মোড় এলাকায় পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের।

বহদ্দারহাট মোড় ও মুরাদপুরে মাইক বাজিয়ে সরব রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নগরের আরেক প্রবেশমুখ বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায়ও অবস্থান এবং মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে বাইক শোডাউন চলছে। এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, আমাদের পাল্টা কোনো কর্মসূচি নেই। তবে মাঠে বিএনপি ছাত্রদলের কর্মসূচির পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটি তাদের কর্মসূচি হতে পারে। তবে আমাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই। বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশ হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।