শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ দুই পদ ছাড়াও ১১ সিনিয়র সচিবের ১০ জনই চুক্তিতে নিয়োগ!

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ০১:৫৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ যেন নিয়মে পরিণত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব— এই দুই শীর্ষ পদ ছাড়াও ১১ জন সিনিয়র সচিবের মধ্যে ১০ জনই বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত রয়েছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের এত আধিক্য যৌক্তিক নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন— জনপ্রশাসনের এই শীর্ষ দুই কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ১১ জন সিনিয়র সচিবের মধ্যে ১০ জনেরই চুক্তিভিত্তিক নিয়োগ। তারা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নেয়ামত উল্লাহ ভূইয়া, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। পরিকল্পনা কমিশনের সদস্য পদেও দুইজন সিনিয়র সচিব কর্মরত রয়েছেন। তারা হলেন- মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ। এছাড়া, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়েরও চুক্তি ভিত্তিতে নিয়োজিত। সিনিয়র সচিব পদে নিয়মিতদের মধ্যে শুধুমাত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন কর্মরত আছেন। এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হককে একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে লিখিত বক্তব্য চাইলেও পাওয়া যায়নি।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘১৩ জনের মধ্যে ১২ জনই চুক্তিভিত্তিক— এটা কখনোই যৌক্তিক হতে পারে না। কিন্তু যারা এসব নিয়োগ দেন, তারা তো কোনো যৌক্তিকতার ধার ধারেন না।’ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা ঢাকা পোস্টকে বলেন, ‘চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগে সর্বোচ্চ ১০ শতাংশের একটা নিয়ম ছিল। এখন সেটা অনুসরণ করা হয় কি না, জানা নেই।’ চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে  দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। সচিবালয়ে অবস্থিত একটি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে  বলেন, ‘কোনো পদ খালি হলে নতুন কেউ সেই দায়িত্ব নেবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের কারণে সেই কর্মকর্তা বঞ্চিত হন।’ সিনিয়র সচিব পদ সৃষ্টি করা হয় ২০১২ সালের ৯ জানুয়ারি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে এ পদ সৃষ্টি করা হয়। এরপর বিভিন্ন সময়ে অনুগত আমলাদের এ পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসনের মৌলিক কাঠামোতে প্রকৃতপক্ষে ‘সিনিয়র সচিব’ নামের কোনো পদ নেই। সিনিয়র সচিব ও সচিবের কাজ একই। তবে, বেতন ও পেনশনসহ নানা ক্ষেত্রে সিনিয়র সচিব পদের আর্থিক সুবিধা বেশি। এজন্য মূলত পছন্দের আমলাদের খুশি করতে এ পদের সৃষ্টি করা হয় বলে সমালোচনা রয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন ‘সিনিয়র সচিব’ পদ বাদ দিতে সুপারিশ করেছে। গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।
কমিশন সচিব ও সম-পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা ৬০ জন করার সুপারিশ করেছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের সংখ্যা এখনকার মতো একজনই রাখতে বলা হয়েছে। তবে, মুখ্য সচিবের পদ ১৭টি করতে বলা হয়েছে। একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে মুখ্য সচিব থাকবেন। বর্তমানে মুখ্য সচিবের একটি পদ রয়েছে। এ বিষয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে, মন্ত্রণালয়গুলো পুনর্বিন্যস্ত করা হলে একাধিক বিভাগ সৃষ্টি হবে। যেসব মন্ত্রণালয়ে একাধিক বিভাগ থাকবে, সেগুলোতে সচিবের পাশাপাশি একজন মুখ্য সচিব নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে বর্তমান সিনিয়র সচিব পদ বাদ দিতে বলেছে কমিশন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।