শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৪ সালে জার্মানিতে রেকর্ড সংখ্যক মানবপাচার

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৩:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপের দেশ জার্মানিতে বেড়েই চলেছে মানবপাচারের ঘটনা। জার্মান পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে রেকর্ড সংখ্যক মানবপাচারের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, গত বছর জার্মানিতে কমপক্ষে ৮৬৮টি মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অর্ধেকের মতো ভুক্তভোগী পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন। এছাড়া পাচারের অনেক ঘটনায় ভুক্তভোগী পক্ষের কেউ পুলিশের কাছে রিপোর্ট করেন না। তাই সমস্যার প্রকৃত মাত্রা নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে। অনুমান করা হয়, রিপোর্ট না হওয়া পাচারের সংখ্যা একেবারে কম নয়। কারণ, পাচারের শিকার অনেক বিদেশি নাগরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন, শঙ্কায় থাকেন। এসব তথ্য সামনে এনেছে জার্মানির মানবপাচারবিরোধী ফেডারেল কোঅর্ডিনেশন গ্রুপ (কেওকে)। মানবপাচার ও সংশ্লিষ্ট অপরাধে ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে থাকে এই সংস্থাটি। পাচারের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রেও তাদের রয়েছে নিজস্ব পদ্ধতি। জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের মতে, সংখ্যাটি কিছুটা কম। তারা বলছে, ২০২৪ সালে ৬৫০টি মানবপাচার সংক্রান্ত মামলার বিচার কাজ চলছিল। এগুলোর মধ্যে ৫৭৬টি ওই বছরে নিষ্পত্তি হয়েছে। কেওকে বলছে, জার্মানিতে মানবপাচার সংশ্লিষ্ট বেশিরভাগ ঘটনাই যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে জোরপূর্বক দেহব্যবসাও রয়েছে। ফলে, নারীরাই বেশি ভুক্তভোগী হচ্ছেন।

জার্মানির অবস্থা সামগ্রিক ঘটনার তুলনায় নগণ্য: জার্মানিতে মানবপাচারের ঘটনায় মামলার সংখ্যাও বেড়ছে। ২০২৪ সালে নিষ্পত্তি হওয়া ৫৭৬টি মামলা একটি নতুন রেকর্ড। ২০২৩ সালেও এ সংক্রান্ত ৫০৯টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছিল। বিদেশি নাগরিকদের মধ্যে যৌন পাচারের সবচেয়ে বেশি শিকার হয়েছেন চীনের নাগরিকেরা। এ সংক্রান্ত ৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এরপরেই আছে বুলগেরিয়া (৫৩টি) এবং রোমানিয়ার (৪৭টি) নাম। অভিবাসন সংক্রান্ত তথ্য ও গবেষণা প্ল্যাটফর্ম মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রেশন জানিয়েছে, সব ধরনের পাচারের (যৌন, শ্রম ও জোরপূর্বক বিয়ে) প্রায় এক-তৃতীয়াংশ শিকার হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা। এক-তৃতীয়াংশ ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকেরা এবং এক-তৃতীয়াংশ জার্মান নাগরিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ওয়াক ফ্রি ফাউন্ডেশন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের অন্তত পাঁচ কোটি মানুষ মানবপাচারের শিকার হয়েছেন।

পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগে অনীহা: মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রেশন বলছে, পরিসংখ্যানে যে সংখ্যাই উঠে আসুক না কেন, প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হতে পারে। এর পেছনে একাধিক কারণ রয়েছে বলেও মনে করে সংস্থাটি।

এই কারণগুলোর মধ্যে রয়েছে: পাচারের শিকার অনেকে বুঝতেই পারেন না যে তারা শোষণের শিকার; আইনি জটিলতা, অনিশ্চিত আবাসিক অবস্থানের কারণে অনেকে কর্তৃপক্ষের কাছে যেতেও ভয় পান; এবং পাচারকারীরা সুযোগ পেলে প্রতিশোধ নিতে পারে বলেও আশঙ্কাও করেন অনেকে। জার্মানির অন্যতম প্রধান নিউজ বুলেটিন টাগেসশাউ-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ভিয়েতনামী শিক্ষানবিশ জার্মানিতে আসার কিছুদিনের মধ্যে নিখোঁজ হয়ে যান। ধারণা করা হয়, তারা শুরু থেকেই প্রশিক্ষণের ছদ্মবেশে পাচারের শিকার হন। ইনফোমাইগ্রেন্টস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।