শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৭ কলেজের জন্য প্রশাসক, প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে

প্রকাশিত - ১৯ মে, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে ঢাকার সরকারি সাত কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী এই ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তি ভিত্তিতে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। আজকালের মধ্যে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রসঙ্গত, এ ধরনের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময়–সময় আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। আট বছরে ক্ষুদ্র সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয়। সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এখন এই সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটির নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। নতুন এই বিশ্ববিদ্যালয়টি চলবে ‘হাইব্রিড মডেলে’। এখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে আর ৬০ শতাংশ ক্লাস সশরীর নেওয়ার চিন্তাভাবনা চলছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো একেকটি কলেজে সব বিষয় পড়ানো হবে না। এক বা একাধিক কলেজে অনুষদভিত্তিক ক্লাস হবে। যেমন সরকারি তিতুমীর কলেজে হতে পারে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর ক্লাস। এভাবে অন্য কলেজে হতে পারে অন্য অনুষদভুক্ত বিষয়ের ক্লাস।

কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়সাপেক্ষ ব্যাপার। আইন পাস, অবকাঠামোসহ আনুষঙ্গিক নানা বিষয় রয়েছে। ইউজিসি সূত্রে জানা গেছে, সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার আগে যে সাময়িক কাঠামোতে এই সাত কলেজের কাজ চলবে, তাতে এ কাঠামোর প্রধান (প্রশাসক) হিসেবে কাজ করবেন সাত কলেজের যেকোনো একজন অধ্যক্ষ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও এ কাজটি, বিশেষ করে প্রশাসক নিয়োগটি চূড়ান্ত হয়নি।

এ নিয়ে আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে  সোমবার থেকে আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তাঁরা। এ ছাড়া পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’–এর রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ এবং ৩০ কার্যদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। এ রকম পরিস্থিতিতে আজকালের মধ্যে সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসনের জন্য প্রশাসক নিয়োগের বিষয়টি গতি পায়।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...