শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ১০:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।তিনি যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সরকারের এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন, ‘বিচার হবে, কেবল তার নয়। তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের—তার পরিবারের সদস্য, তার সহযোগী বা দোসরদেরও বিচারের আওতায় আনা হবে’।

হাসিনার বিরুদ্ধে সরকারে থাকাকালীন জোরপূর্বক গুম ব্যবস্থা তদারকি এবং গতবছরের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভকারীদের গণহত্যার অভিযোগ রয়েছে।ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপন বন্দিশিবির পরিচালনা করতেন, যেখানে তার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন এবং কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হতো। এসব তথাকথিত ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ এর নামে করা হতো।

আজ  স্কাই নিউজে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, তারা ভারতের কাছে ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছেন, তবে এখনও ‘কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া’ মেলেনি। তিনি জোর দিয়ে বলেন, হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত থাকুক কিংবা ভারতে পালিয়ে থাকুক তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।  

অধ্যাপক ইউনূস সম্প্রতি কুখ্যাত একটি গোপন বন্দিশিবির পরিদর্শন করেন, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত। অর্থনীতিবিদ ও ‘গরিবের ব্যাংকার’ হিসেবে পরিচিত এই নোবেল বিজয়ী, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেখানে তিনি যা দেখেছেন তাতে চরম মর্মাহত হয়েছেন। তিনি বলেন, ‘এটা এতটাই ভয়ংকর যে আপনি কল্পনাও করতে পারবেন না’।

হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত বিরোধী রাজনৈতিকদলের কর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার নির্দেশ দিয়েছেন। তবে হাসিনা এসব অভিযোগ অস্বীকার এবং দাবি করেছেন যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের অধীনে থাকা ৮শ’টিরও বেশি গোপন বন্দিশালা পরিচালনার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, এসব মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তিনি বলেন, ‘এতে সবাই জড়িত ছিল। পুরো সরকারই এর অংশ ছিল। তাই কে এটা স্বেচ্ছায় করেছে, কে আদেশ অনুযায়ী করেছে এবং কে বাধ্য হয়ে করেছে তা আলাদা করা কঠিন।’জাতিসংঘের মতে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের অভিযানে প্রায় ১ হাজার ৪শ’ জন নিহত হন, এর কিছুদিন পরই শেখ হাসিনা দেশ ছেড়ে পালান।

অধ্যাপক ইউনূস নিহতদের পরিবার ন্যায়বিচার পাবে কি না, বা তার আমলেই তা সম্ভব হবে কি না তা নিয়ে সংযত প্রত্যাশা রাখতে বলেছেন। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘কেউ শাস্তি পাবে, কেউ বিচার প্রক্রিয়ায় থাকবে, আবার কেউ হয়তো অধরাই থেকে যাবে’।দেশের রাজনৈতিক সংকট সামলানোর পাশাপাশি অধ্যাপক ইউনূস দুর্নীতির অভিযোগের তদন্তেও মনোযোগ দিচ্ছেন :

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে। ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি, তিনিও এই তদন্তের আওতায় রয়েছেন। অধ্যাপক ইউনূস জানিয়েছেন, ‘তার বিরুদ্ধে মামলাটি গুরুতর। তিনি বাংলাদেশে প্রচুর সম্পদ রেখে গেছেন এবং সবকিছু তদন্ত করা হবে।’

জানুয়ারিতে এই তদন্ত শুরু হওয়ার পর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে তার একজন মুখপাত্র বলেছেন, তিনি সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা অধ্যাপক ইউনূসের  জন্যে আরেকটি বড় চ্যালেঞ্জ:মিয়ানমারের দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অধ্যাপক ইউনূস জানিয়েছেন, তারা বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করছেন, যাতে রোহিঙ্গাদের জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা যায়।বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যেখানে ‘হিংসা, মাদক এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম’ বেড়ে গেছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘এই উত্তেজনা সহসা কমবে না’।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।