শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চ্যুয়ালি অংশ নেবেন খালেদা জিয়াও

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ১২:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সভা শুরু হয়। এতে সারা দেশের প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে বর্ধিত সভা শুরুর কথা ছিল। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকেই আমন্ত্রিত নেতারা এলডি হলসংলগ্ন মাঠে আসা শুরু করেন। বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সরেজমিন দেখা যায়, আমন্ত্রিত নেতাদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দলটির দায়িত্বে থাকা নেতা–কর্মীরা। কিছুদূর এগিয়ে আসার পর আমন্ত্রিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বর্ধিত সভা আয়োজনের জন্য বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে কোন বিভাগের নেতারা কোথায় বসবেন, তা ঠিক করে দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতার নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভা করছে বিএনপি। সভাটি বিএনপি নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। এদিকে মূল মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ রয়েছেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য শোক প্রস্তাব পাঠ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চলমান অস্থিরতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এ দুটি বিষয় সামনে রেখে দলীয় ও জাতীয় ঐক্যের আহ্বানই হচ্ছে এই সভার মূল লক্ষ্য। এই আহ্বান জানিয়ে বিএনপি নিজেদের ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনমুখী যাত্রা শুরুর লক্ষ্য স্থির করেছে।

সভা শুরুর ২০ মিনিট আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন মাইকে ঘোষণা দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খালেদা জিয়ার উপস্থিত থাকার বিষয় সভা শুরুর আগে জানানো হলো। সভা শুরুর আগে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী জানান, বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া। বর্ধিত সভায় থানা ও জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত বর্ধিত সভাকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ সভাকে ঘিরে সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিএনপির সূত্র জানিয়েছে, বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা অংশ নিয়েছেন। এর বাইরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুরে কিছু সময় বিরতি দিয়ে রাত পর্যন্ত সভা চলবে।

দলীয় সূত্রগুলো বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। তৃণমূলের নেতাদের মতামত শুনে সবশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হবে। বর্ধিত সভা উপলক্ষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনকে আহ্বায়ক করে ২০০ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি করা হয়েছে। এ ছাড়া অভ্যর্থনা, আপ্যায়ন ও মিডিয়া কমিটিও করা হয়েছে। সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, দলীয় ও জাতীয় ঐক্য, দেশবিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আগে জাতীয় নির্বাচনসহ চলমান বিষয়গুলো আলোচনায় আসবে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।