শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস

আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য দূর করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ চুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, যা কোনো দেশের জন্যই ভালো হচ্ছে না। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস তিস্তা চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে বসে পিটিআইকে এই সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারের ভিত্তিতে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দুদেশের অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান আন্তর্জাতিক নিয়ম মেনে করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশের মত ভাটির দেশগুলো কতটা পানি পাবে, তার সুনির্দিষ্ট অধিকার তাদের আন্তর্জাতিক আইনে দেওয়া আছে, যা সমুন্নত রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, পানি বণ্টনের বিষয়টি ঝুলিয়ে রাখার ফলে কোনো লাভ হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাব, তাহলে সেটি আমার জন্য ভালো হবে। এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি সন্তুষ্ট নাও হই, তারপরও সেটা জানা আমার দরকার। এই সমস্যার সমাধান হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত তিস্তা চুক্তি করার জন্য ভারতকে চাপ দেবে কিনা, সেই প্রশ্নের জবাবে ইউনূস বলেন, চাপ একটি বড় শব্দ। আমি এটা বলছি না। তবে আমরা চাইব। আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে ২ দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। মমতার ভাষ্য হল তার রাজ্যেই পানির সংকট রয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি। ফলে দুই দেশের মধ্যে গত এক যুগে অধিকাংশ বৈঠকেই তিস্তার প্রসঙ্গ আলোচনায় এসেছে। চলতি বছরে দিল্লি সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিরেন, তার সরকার ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আর তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে আলোচনার জন্য ভারতের একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিস্তার পানি বণ্টন নতুন কোনো বিষয় নয়, খুবই পুরনো বিষয়। আমরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছি। এই আলোচনা শুরু হয়েছিল পাকিস্তান আমল থেকে। আমরা সবাই চেয়েছিলাম চুক্তিটি চূড়ান্ত রূপ পাক। এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল। তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। তিনি বলেন, বাংলাদেশের মত ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে হবে। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে তিস্তা চুক্তির সমাধান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকার প্রধান।

কয়েকদিন আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা ফের শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে (অভিন্ন নদীর) দুই দেশকেই আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার ওপর জোর দেন রিজওয়ানা। উপদেষ্টার তিস্তা বিষয়ে মন্তব্যের কয়েকদিন পরপরই মুহাম্মদ ইউনূস তিস্তা নিয়ে তার সরকারের মনোভাব তুলে ধরলেন।

বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে পিটিআইকে ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এ ধরনের একটি সংকট মোকাবিলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, ভারতীয় হাই কমিশনার যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, আমি বলেছি, বন্যার সময় পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই লক্ষ্যে আমরা আরেকটু ভালো ব্যবস্থাপনার ওপর কাজ করতে পারি এবং এই ধরনের দুর্যোগ সংশ্লিষ্ট সমস্যারও সমাধান পারি। দুদেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে কোনো চুক্তির প্রয়োজন নেই। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। কারণ তাতে করে গণমানুষের দুর্দশা লাঘব হবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে। সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ইউনূস বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান বয়ে আনে না। কারণ এই সমস্যা মোকাবিলার আইনি উপায় হাতে রয়েছে। এটা (সীমান্ত হত্যা) একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

২৪ঘণ্টা/আসো


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।