শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ান : রাষ্ট্রপতি

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৮:৩১ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের চলমান সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার রাষ্ট্রপতি বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা প্রদান শেষে রাষ্ট্রপতি দরবার হলে সকল অতিথিগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি বিশ্বজিৎ দাস, কূটনৈতিক মিশনের সম্মানিত সদস্যবৃন্দ, হিন্দু ধর্মীয় গুরু রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, উপপরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস কুমার পাল অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ওষুধসহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যাকবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতাও তাদের সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে আসতে একযোগে কাজ কারার আহ্বান জানান। শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মের একজন পরোপকারী ও মানবদরদী মানুষ এবং সমাজ সংস্কারক হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ এবং ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।
মো. সাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরমতসহিষ্ণু ও সহনশীল আচরণ করতেও সকলের প্রতি অনুরোধ জানান। 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।