শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ: বিডিনগ সম্মেলনে বক্তারা

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১২:২৮ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট প্রটোকল ভার্সন ৬ (আইপিভি৬) ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। নতুন প্রযুক্তির বিস্তার ও নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। ১৪ নভেম্বর কক্সবাজারের লং বিচ হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনের প্রধান বক্তা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। এ চিত্র বাংলাদেশের জন্য উদ্বেগজনক। নেটওয়ার্ক নিরাপত্তার দিক থেকেও এটি ভালো উদাহরণ নয়। নেটওয়ার্ক নিরাপত্তা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি নিশ্চিত করতেই হবে। তিনি জানান, আগামী সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (স্যানগ) সম্মেলন-২০২৭ বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

আইপিভি৬ বাস্তবায়নে সরকারের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেশীয় বক্তারা বলেন, সরকার কার্যকর উদ্যোগ নিলে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানো সহজ হবে। এ বিষয়ে সরকারের নীতিগত ও কারিগরি সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ।তিনি বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই। এ প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির মাধ্যমে সারা দেশে উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। এ বিষয়ে শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বিটিআরসি প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি ও ইন্টারনেট অবকাঠামোর উন্নয়নে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকিং, স্বাস্থ্যসহ

প্রায় সব খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ওপর নির্ভরশীল। তাই এ খাতের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ইন্টারনেট অব থিংসসহ (আইওটি) নতুন প্রযুক্তির বিস্তারের কারণে আইপিভি৬ বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।বিশেষ অতিথি বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শিদা জামান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি, ব্যাংকিং, ই-কমার্স ও লজিস্টিকস কার্যক্রম এখন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থার ওপর নির্ভরশীল। রপ্তানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত দক্ষতা ও নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে বাংলাদেশ এখনো বিভিন্ন সূচকে পিছিয়ে রয়েছে। এ ঘাটতি কাটাতে নিয়মিত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক একসঙ্গে কাজ করতে পারলে দেশের আইএসপি খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে। ডিজিটাল অর্থনীতি, টেলিমেডিসিন, ই-কমার্স ও এফ-কমার্সসহ বিভিন্ন খাতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন শুধু ইন্টারনেট সংযোগ দেওয়া নয়, গ্রাহক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল উদ্ভাবনে ভূমিকা রাখাও এ শিল্পের লক্ষ্য।তিনি আরও বলেন, বাংলাদেশের ইন্টারনেট রিসোর্স ব্যবস্থাপনা ও আইএসপি খাতকে কারিগরি সহায়তা দিতে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (বিডিনিক) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এপনিকের কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আইএসপিএবি, বিডিনিক ও এপনিক যৌথভাবে কাজ করলে দেশের ইন্টারনেট অবকাঠামো ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব।

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। তিন দিনের কর্মশালায় অ্যাডভান্সড রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবারের সম্মেলনে বিদেশি বক্তাদের উপস্থিতিও অন্যান্যবারের তুলনায় বেশি ছিল। সম্মেলনের স্থানীয় কি-নোট স্পিকার গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও সে অনুযায়ী রাজস্ব বাড়ছে না। তাঁর উপস্থাপনায় এ পরিস্থিতি থেকে উত্তরণের বিভিন্ন উপায় তুলে ধরা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, বিডিনগ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎসহ দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। উল্লেখ্য, দেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে গত ১১ নভেম্বর কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা শুরু হয়। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিন কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর মূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের সহ-আয়োজক ছিল আইএসপিএবি এবং সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। সম্মেলনের ইন্টারনেট পার্টনার ছিল আম্বার আইটি লিমিটেড।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...