শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কপ৩১ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বনেতারা তার নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে মূল্যায়ন করছেন। চীন ও উজবেকিস্তানের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, বিমান যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন, মুসলিম বিশ্বের শান্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে।

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ১০:০০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জোরদার এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-কে কেন্দ্র করে একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন দেশের নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করছেন। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্ব এবং গণতান্ত্রিক ম্যান্ডেটের বিষয়টিও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে।

১১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কপ৩১ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, এসব আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান বিশ্বনেতারা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তারা।

অর্থনীতি ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অন্যদিকে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো উঠে এসেছে। দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবারের বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও উঠে আসে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

লন্ডনের মেয়রের সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র।

জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু কূটনীতিও গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সম্মেলনের একটি পার্শ্ব-আয়োজনে অংশ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, অগ্রাধিকার ও প্রত্যাশা তুলে ধরবেন। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

কপ৩১-কে ঘিরে ধারাবাহিক এসব বৈঠক ও যোগাযোগের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।