শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সচল রাখার নির্দেশ দিয়েছেন। মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ এবং বন্ধ কারখানা দ্রুত চালুর ওপর গুরুত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন বোর্ড, উৎপাদন সচল রাখার তাগিদ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ১০:০১ এএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শ্রমিকদের দাবি ও শিল্পের স্থিতিশীলতা—দুই বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি বন্ধ কারখানা দ্রুত চালু এবং রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে সরকার।

২ নভেম্বর রাতে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবার নিয়ে সম্মানজনক জীবন নিশ্চিত করতে মজুরি বোর্ডকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়কেও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও সরকার আগেভাগেই এ প্রক্রিয়া শুরু করেছে। মালিকপক্ষের প্রতিনিধির নাম আগে পাওয়া গেলেও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধি মনোনয়নে কিছুটা সময় লাগে। শনিবার রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রোববার সকালে বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পারিবারিক প্রয়োজন এবং আর্থিক সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের মজুরি ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। এ জন্য সহিংসতার পথ বেছে নেওয়ার প্রয়োজন নেই। আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, যানবাহন ভাঙচুর, বিভিন্ন স্থানে হামলা ও কারখানায় অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সহিংসতা, নাশকতা কিংবা অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে মুখোশধারীদের অংশগ্রহণ ও উসকানির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে সীমান্তের ওপার থেকে কিছু পক্ষের ইন্ধনের বিষয়টি উঠে এসেছে। নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি ব্যাহত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানাগুলো দ্রুত চালুর আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে হবে। কোনো কারখানা বন্ধ থাকলেও তা যেন দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত। এ শিল্পের অগ্রগতি অব্যাহত রাখার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও সরকারের লক্ষ্য। উৎপাদন ও পণ্য সরবরাহে বিঘ্ন ঘটলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।