শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সাথে যুক্ত করার আহবান জানিয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১২ সেপ্টেম্বর সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সাথে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, তৃণমূল পর্যায়ে বহু সম্ভাবনাময় প্রযুক্তি ও ধারণা তৈরি হলেও নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে তা বাস্তবে রূপ পায় না। প্রশাসনিক ও আর্থিক এসব প্রতিবন্ধকতা দূর করে মেধাস্বত্ব সংরক্ষণ ও বাণিজ্যিক সম্প্রসারণ করাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

আগামীকাল রোববার মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন : সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রান্তিক জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেয়ার প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এই মেলায় কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি), ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সূত্র : বাসস
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...