শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হারাতে বসেছে বাঁশশিল্প

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৬   ১০:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : একসময় গ্রামবাংলার ঘরে ঘরে বাঁশের তৈরি চালুনি, ডালি, কুলা, ঝুড়িসহ নানা সামগ্রী ছিল নিত্যদিনের ব্যবহার্য। কিন্তু সময়ের সঙ্গে প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা ও কম দামের কারণে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা কমে গেছে। ফলে নীলফামারীতে বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন বাঁশ কারিগররা।

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ গ্রামের সহদেব রায় প্রায় ২৫ বছর ধরে বাঁশের কাজ করছেন। বাবার কাছ থেকে শেখা এই পেশাকে তিনি এখনো আঁকড়ে ধরে আছেন। প্রতিদিন উঠানে বসে বাঁশ চেঁছে চালুনি, ডালি কিংবা কুলা তৈরি করেন। তবে আগের মতো এসব পণ্য বিক্রি হয় না বলে হতাশ তিনি।

সহদেব রায়ের ভাষ্য, আগে হাটে পণ্য নিয়ে গেলেই সহজে বিক্রি হয়ে যেত। এখন বাজারজুড়ে প্লাস্টিকের ডালা, ঝুড়ি ও চালুনি। ফলে বাঁশের পণ্য নিয়ে বসে থাকতে হয়, বিক্রি হলেও তা খুবই কম।

ডোমার উপজেলার বড়রাউতা গ্রামের দেবীরডাঙ্গা এলাকাতেও কয়েকটি পরিবার এখনো এই ঐতিহ্যবাহী পেশা ধরে রেখেছে। বাড়ির উঠানে পুরুষেরা বাঁশ চেঁছে কাঁচামাল প্রস্তুত করেন, আর নারীরা সেগুলো দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন। কখনো স্কুলফেরত শিশুরাও পরিবারের কাজে সহযোগিতা করে।

কারিগর হরিদাশ জানান, বাঁশের কাজই তাদের পরিচয়। কিন্তু পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ খুবই কম। একটি বাঁশ দিয়ে ১০ থেকে ১২টি ডালি তৈরি করা গেলেও সব খরচ বাদ দিয়ে প্রতিটি ডালিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত থাকে। এই আয় দিয়ে সংসার চালানো কঠিন বলে জানান তিনি।

কারিগরদের অভিযোগ, আগে একটি বাঁশ ৫০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন তা কিনতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। অথচ তৈরি পণ্যের দাম সেভাবে বাড়েনি। এতে কাঁচামালের খরচ বাড়লেও আয় বাড়ছে না।

অনেক কারিগরের নিজেদের চাষের জমিও নেই। বসতভিটাই তাদের শেষ সম্বল। ফলে সারাদিন পরিশ্রম করেও আয় নিশ্চিত করতে পারেন না তারা। এ কারণে নতুন প্রজন্মও ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ শহরে দিনমজুরি করছেন, আবার কেউ অন্য পেশায় চলে যাচ্ছেন।

বাঁশশিল্প টিকিয়ে রাখতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্রঋণ সুবিধা দিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে কারিগরদের দাবি, শুধু ঋণ দিলেই হবে না; তাদের উৎপাদিত পণ্যের বাজার ও ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।

বাঁশের কুটিরশিল্প শুধু জীবিকার মাধ্যম নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি, পরিবেশবান্ধব জীবনযাপন এবং বহু প্রজন্মের ঐতিহ্যের অংশ। প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতায় মানুষের জীবন কিছুটা সহজ হলেও এর প্রভাবে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্পের দীর্ঘদিনের দক্ষতা ও ঐতিহ্য।

কারিগর সহদেব রায়ের কথায় উঠে আসে তাদের প্রত্যাশা—এই পেশাটি বেঁচে থাকুক, নতুন প্রজন্ম যেন বাবার পেশা নিয়ে লজ্জা না পায়। সংশ্লিষ্টদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, আধুনিক ডিজাইনের প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণ করা গেলে নীলফামারীর ঐতিহ্যবাহী বাঁশশিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।