শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ মামলা 

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ০৯:৩৬ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে আরও ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর ও জয়পুরহাটে নিহতের ঘটনায় ৩টি; ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে ১টি; ২০১৫ সালে কারওয়ান বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১০টি মামলা হলো। এর মধ্যে ৮টি মামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আর একটি মামলা করা হয় গুম এবং অপহরণের অভিযোগে। অপর মামলাটি হয়েছে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায়। 
জানা যায়, রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় ২ শিক্ষার্থীকে হত্যা, গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এবং জয়পুরহাটে কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঘটনার এক মাস পর রবিবার দুপুরে রংপুর মহানগর বিচারিক হাকিম আদালতে নিহত আব্দুল্লাহ আল তাহিরের (২৮) বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান পেশকার রাজু মিয়া।
বিগত ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এই মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এর আগে জাকী-আল ফারাবীর আদালতে মামলার আবেদন করেন এই রাজনীতিবিদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে দ-বিধির ১৪৭/৩৬৫/৩৬৬/৩০৭/৩২৬/৩০২/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে। 
এছাড়া বিরোধী দলে থাকাকালীন ২০১৫ সালে কারওয়ান বাজারে এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০-৭০০ মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নামে এক চাকরিজীবী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে নিহত স্বজনের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় ২ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে নাসরিন বেগম নামে এক নারী এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। আর জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক হুইপ ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নিহত নজিবুল সরকার ওরফে বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।