শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
‘স্মৃতিকথন: কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়’

প্রকাশনা উৎসবের ক্যানভাসে ফিরে দেখা সুবর্ণ শৈশব

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ০৯:৫২ পিএম
webnews24

বিশেষ প্রতিনিধি : সময়ের চাকা পেছনে ঘুরে গিয়েছিল কিছুটা ক্ষণের জন্য। অডিটোরিয়াম জুড়ে তখন কোনো বয়সের ব্যবধান ছিল না— ছিল কেবল শৈশবের কোলাহল, স্মৃতির ব্যাকুলতা আর শিকড়ের প্রতি অকৃত্রিম টান। এমনই এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হলো ক্রীড়া সংগঠক ও লেখক মো. আনিসুর রহমানের গ্রন্থ ‘স্মৃতিকথন: কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়’-এর শুভ মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব।

শনিবার ২৫ জুলাই রাজধানীর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটোরিয়াম পরিণত হয়েছিল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, গুণীজন ও আলোকময় মানুষদের মিলনমেলায়। উপস্থিত সবার চোখেই যেন ভেসে উঠছিল ফেলে আসা সেই সুবর্ণ শৈশবের চেনা ক্যানভাস।

বীর মুক্তিযোদ্ধা মঈন সিন্হার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়েরই গর্বিত ও কৃতী ছাত্র মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা (এলপিআর), ওএসপি, আরসিডিএস, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে আবেগাপ্লুত বক্তব্য রাখেন বিদ্যালয়ের আরেক খ্যাতিমান ছাত্র ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজের গভীর আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন। তিনি বলেন, “আমার বড় ভাই মনোয়ার মাহবুবুল আলম দিদার এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই স্কুলের সাথে আমার সম্পর্ক বেশ নিবিড়। আমি অসংখ্যবার এই স্কুলে এসেছি। এমনকি মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করানোর ঐতিহাসিক দিনগুলোতেও আমি উপস্থিত ছিলাম।”

লেখকের মানবিক গুণাবলি ও ক্রীড়াঙ্গনের অবদানের কথা স্মরণ করে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু বলেন, “তিনি আমার বড় ভাইয়ের মতো। একজন অত্যন্ত ভালো মানুষ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব।”

অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ ও বক্তব্য প্রদান করেন সাবেক অতিরিক্ত সচিব জিররুর রেজা খানম, সাবেক ভলিবল খেলোয়াড় নাছিমা চৌধুরী শিরিন, সাবেক ফুটবল খেলোয়াড় ও কোচ রেহানা পারভীন, স্কুলের পরম শ্রদ্ধেয় শিক্ষক পরিমল কুমার ঢালী এবং ঝুমঝুমি প্রকাশনের কর্ণধার শায়লা রহমান তিথী।

প্রধান অতিথির ভাষণে মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, “বিদ্যালয়ের স্মৃতি কেবল একক কোনো ব্যক্তিজীবনের সম্পদ নয়, এটি পুরো একটি সমাজ ও প্রজন্মের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। লেখক মো. আনিসুর রহমান তাঁর নিপুণ লেখনীর মাধ্যমে আমাদের শৈশবের সেই সোনালী দিনগুলোকে আবার জীবন্ত করে তুলেছেন।”

অনুষ্ঠানের রূপকার ও বইটির লেখক মো. আনিসুর রহমান তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে উপস্থিত সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার এই বিনীত প্রয়াস কেবলই শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালোবাসা ও সহায়তার ফসল। এই বইটির তথ্য সংগ্রহ থেকে শুরু করে প্রকাশনা পর্যন্ত যারা আমাকে নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আজীবন ঋণী।”

সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈন সিন্হা বলেন,  ‘আমি এই আয়োজনে মধ্যদিয়ে হারানো দিনে ফিরে গেছি। আর বারবার মনে পড়ছে আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু আলম স্যারকে। আসুন আমরা এই বিদ্যালয়ের উন্নয়নে সবাই আরও এগিয়ে আসি।’

স্মৃতিচারণের মূল পর্ব শেষে পরিবেশিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। যন্ত্রসংগীত, গান ও কবিতার মূর্ছনায় মোড়ানো পরিবেশ উপস্থিত দর্শকদের এক আবেগঘন জগতে নিয়ে যায়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুবুল আলম মনির, প্রখ্যাত ধারাভাষ্যকার মো. কামরুজ্জামান, কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব শেখ, জসিম উদ্দিন রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক আরিফ সোহেল, মজুমদার এন্টারপ্রাইজের সিইও কবি জসিম উদ্দীন চৌধুরী এবং সমাজকর্মী খান নজরুল ইসলাম হান্নানসহ রাজনীতি, খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতির বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন চৌধুরী নাজমুল পারভেজ।

অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার মুহূর্তে সবার চোখে-মুখে ছিল শৈশবে ফিরে পাওয়ার এক তৃপ্তির হাসি। ইটের শহরের ব্যস্ততা ভুলিয়ে ‘স্মৃতিকথন: কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়’ গ্রন্থের এই আয়োজন যেন সবাইকে ক্ষণেকের জন্য উপহার দিল একমুঠো হারিয়ে যাওয়া শৈশব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।