শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসুর ব্যতিক্রমী ঈদ আয়োজন

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঈদে বাড়ি না ফেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী কুরবানি উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)। কুরবানির ভোজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাড়ি ভাঙা খেলা, ফটোসেশন ও আড্ডার ব্যবস্থা রাখে চাকসু। ২৯ মে ঈদের দ্বিতীয় দিন চাকসু ভবনে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন।

আয়োজনে মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়। চাকসুর নিচতলার ক্যাফেটেরিয়ায় গরুর মাংস পরিবেশন করা হয়। দ্বিতীয় তলার ছেলেদের কমনরুমে অমুসলিম শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য চাকসুর দ্বিতীয় তলার মেয়েদের কমনরুমে আলাদা আয়োজন রাখা হয়।

খাবারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা ও ফটোসেশনের আয়োজন করা হয়। এছাড়া চাকসু ভবনের সামনে শিক্ষার্থীদের আড্ডার ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান বলেন, “চাকসুকে এমন উদ্যোগ আয়োজনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার ও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য তারা যে সুন্দর আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”তিনি আরও বলেন, “আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও সহমর্মিতাপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। চাকসুর নেতৃবৃন্দসহ সব শিক্ষার্থী এ উদ্যোগে সামিল হবেন বলে আশা করছি।”

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, "আমরা ৭০০ শিক্ষার্থী ভাইবোনের জন্য খাবারের আয়োজন করেছিলাম। পাশাপাশি যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য আয়োজন রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী ভাইবোনেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে একসাথে খাওয়াদাওয়া করেছেন, আনন্দ করেছেন। অত্যন্ত চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের দিনটি উৎযাপন করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আয়োজনে অত্যন্ত যত্ন সহকারে সহযোগিতা করেছেন।"

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, "ঈদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা, বাড়ির দূরত্ব এবং অন্যান্য অনেকগুলো কারণে ক্যাম্পাসে থেকে যায়। আমরা চাকসু নেতৃবৃন্দ চেয়েছিলাম এই ঈদটা শিক্ষার্থী ভাই-বোনদের সাথে কাটানোর জন্য। শিক্ষার্থী ভাইবোনেরা একবেলা আহার যেন চাকসুর পক্ষ থেকে করতে পারে সেজন্য আজকে আমাদের এই আয়োজন। ঈদের দিন আমাদের একজন শিক্ষার্থী খাবারের আয়োজন রেখেছেন, আজকে রাতেও খাবারের আয়োজন রয়েছে। আমরা চাই রাজনীতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই একসাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাক। এমন সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে যাক এবং ঈদ হয়ে উঠুক সার্বজনীন উৎসব।"

 

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...