শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ০১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গত এক দশকে মোবাইল গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী এবং ডাটা খরচের ক্ষেত্রে বড় অগ্রগতি হলেও বাংলাদেশ এখনো একটি ‘প্রযুক্তি ব্যবহারের বাজার’ বা ডিজিটাল কনজাম্পশনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। একইসাথে আন্তর্জাতিক বাজারের তুলনায় নিজস্ব উচ্চ-মূল্যের তথ্যপ্রযুক্তি তৈরি, বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে রয়েছে।

১৬ মে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ নতুন সরকার কী ভাবছে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম প্রবন্ধ উপস্থাপকালে এসব কথা বলেছেন। 

তিনি বলেন, ২০১৫ সালের তুলনায় ২০২৫-২৬ নাগাদ দেশের মোবাইল গ্রাহক সংখ্যা ৩৯ শতাংশ বেড়ে ১৮ কোটি ৬০ লাখে উন্নীত হয়েছে। যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩৭ শতাংশ বৃদ্ধির মাধ্যমে মোট জনসংখ্যার ৭৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার ৮৬ জিবিপিএস থেকে ১২৭ গুণ বেড়ে প্রায় ১০ হাজার ৯৫৪ জিবিপিএসে দাঁড়িয়েছে এবং গ্রাহক প্রতি মোবাইল ডাটা ব্যবহারের পরিমাণ ১০০ এমবি থেকে ৮০ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ জিবিতে।  

প্রবন্ধে তিনি দেখান যে, সংযোগ ও ব্যবহারের ক্ষেত্রে বড় সাফল্য এলেও বাংলাদেশ এখনো মূলত একটি ‘ডিজিটাল কনজাম্পশন বা প্রযুক্তি ব্যবহারের বাজার’ হিসেবেই রয়ে গেছে। আন্তর্জাতিক বাজারের মতো উচ্চ-মূল্যের প্রযুক্তি উদ্ভাবন বা সেবা রপ্তানি হাব হিসেবে পুরোপুরি আত্মপ্রকাশ করতে পারেনি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে টেলিকম খাতের অবদান ৮ শতাংশ থেকে আরও বহুগুণ বাড়ানো সম্ভব, যদি সঠিক নীতিগত পরিবেশ নিশ্চিত করা যায়।

প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা ছিল ১৪ হাজার ৮৩৩ জিবিপিএস, যার ৭৩ দশমিক ৮ শতাংশ ইতোমধ্যে ব্যবহৃত হচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ৫জি প্রযুক্তির প্রসারের কারণে ২০৩৫ সালের মধ্যে এই চাহিদা ১২০ টিবিপিএস (টেরাবিটস পার সেকেন্ড) ছাড়িয়ে যেতে পারে। এই বিশাল চাহিদা পূরণে সাবমেরিন কেবল সি-মি-উই-৬ (যা ২০২৬ সালের মধ্যে চালু হওয়ার কথা) এবং বেসরকারি কনসোর্টিয়ামের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলমান থাকলেও ফাইবারের বিস্তৃতি এবং ডেটা সেন্টারের আধুনিকায়নে একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রয়োজন। বর্তমানে জাতিসংঘের ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স ২০২৪’ অনুযায়ী ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম, যা পরিকাঠামো উন্নয়নের বড় প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে।

সাহেদ আলম বলেন, টেলিকমিউনিকেশন ইউনিয়নের তথ্যানুযায়ী, বাংলাদেশে ৫ জিবি ডাটার খরচ মাথাপিছু জাতীয় আয়ের মাত্র ০ দশমিক ৮৩ শতাংশ, যা বৈশ্বিক সাশ্রয়িতার সূচকে মোবাইল ব্রডব্যান্ডে বাংলাদেশকে ৬ষ্ঠ এবং ফিক্সড ব্রডব্যান্ডে ৩য় স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি গিগাবাইট (জিবি) ডাটার গড় দাম মাত্র ৭ সেন্ট (প্রায় ৯ টাকা), যা পার্শ্ববর্তী দেশ ভারতের (১২ সেন্ট বা ১৪.৭ টাকা) চেয়েও কম। তবে এই সাশ্রয়ী মূল্যের বিপরীতে ফিক্সড ব্রডব্যান্ডের মান এবং স্মার্টফোনের পেনিট্রেশন (যা বর্তমানে প্রায় ৫৬ শতাংশ) বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

একই সাথে ইন্টারনেটের ট্রাফিক জেনারেশনে মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ) এবং আমাজনের মতো গ্লোবাল ডিজিটাল জায়ান্টদের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। বাংলাদেশের মোট মোবাইল ও ফিক্সড ইন্টারনেট ট্রাফিকের একটি বড় অংশই এই প্ল্যাটফর্মগুলো দখল করে রাখছে বলেও জানান সাহেদ আলম।

এমন অবস্থায় নীতি ও নিয়ন্ত্রক সংস্থার আধুনিকায়নের মাধ্যমেই কেবল টেলিকম খাতকে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব বলেও উপস্থাপন করেন তিনি।টিআরএনবির সভাপতিত্বে সমীর কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।