শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় ইপিজেডসহ জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১২:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে দেশের আরও পাঁচ জেলায় নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের পরিকল্পনার বিষয়টি জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ৩ মে ঢাকায় সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী ডিসি সম্মেলনে শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক সম্মেলনে একই সঙ্গে খাল খননে জনসম্পৃক্ততা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, স্বাস্থ্যসেবা জোরদার, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উদ্যোগ, পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সম্মেলনে বরিশাল, বরগুনা, পিরোজপুর, লালমনিরহাট এবং গাজীপুর জেলায় নতুন ইপিজেড স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ইপিজেড গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে শিল্পায়নের গতি বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে অপেক্ষাকৃত অনুন্নত বা শিল্পায়নে পিছিয়ে থাকা জেলাগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এসব ইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেওয়া হয়।

সম্মেলনে পরিবেশ ও কৃষি সহায়ক উদ্যোগ হিসেবে খাল খনন কর্মসূচিকে জনসম্পৃক্ততার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বলা হয়, খাল খনন শুধু মেশিন নির্ভর প্রকল্প হিসেবে পরিচালিত না হয়ে ছাত্র-ছাত্রী, বেকার তরুণ এবং সাধারণ জনগণের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। এতে জনগণের অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনি জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ সচল রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

খাল খননে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আহ্বায়ক করে একটি সমন্বিত কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। এ কমিটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খাল পুনঃখনন কার্যক্রম আরও কার্যকর হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও সম্মেলনে গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ সংঘটিত হওয়ার পর ত্রাণ কার্যক্রম পরিচালনার চেয়ে আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনপ্রবণ জেলাগুলোতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পূর্বপ্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, আগাম সতর্কবার্তা প্রচার এবং উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়।

সম্মেলনে ওঁরাও, মাহাতোসহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ, কৃষিভিত্তিক সহায়তা ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত আলোচনায় জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন এবং সাপের কামড় মোকাবিলায় অ্যান্টি ভেনম ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে হাম প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের কথাও বলা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে কুকুরের জন্মনিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা এবং অবৈধ ক্লিনিক ও ভেজাল ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও আলোচনা হয়। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং বিভিন্ন জেলার সদর হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করা হয়। শিক্ষা খাতে সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের প্রস্তাব আলোচনায় উঠে আসে, যাতে অভিজ্ঞ শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা শিক্ষাব্যবস্থায় কাজে লাগানো যায়।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্পর্কিত আলোচনায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মাদ্রাসা ও কওমি শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে প্রথম শ্রেণি থেকে অভিন্ন স্কুল ড্রেস চালুর প্রস্তাব আলোচনা হয়। একই সঙ্গে বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস প্রোগ্রাম, মিড-ডে মিল চালু এবং প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নতুন কারিকুলামে ভূমি আইন, ট্রাফিক আইনসহ বাস্তবমুখী সাধারণ জ্ঞান অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।