২৪ঘন্টা অনলাইন: পরিবেশবান্ধব শিল্প উৎপাদনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে লিড (LEED) মূল্যায়নে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে বিশ্বে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছ থেকে পেয়েছে মর্যাদাপূর্ণ এলইইডি প্লাটিনাম সনদ।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট খাতের বৈশ্বিক তুলনামূলক তথ্য অনুযায়ী, প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে ৯৭ পয়েন্ট এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। ফলে এ স্বীকৃতি বাংলাদেশের শিল্প খাতের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক এ স্বীকৃতি আদজি ট্রিমসের পরিবেশবান্ধব অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এর আগে ২০২৫ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এবার আন্তর্জাতিক পর্যায়ে এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ ক্যাটাগরিতে ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করল তারা।
ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত আদজি ট্রিমস লিমিটেড ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান। ২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষদিকে নিজস্ব কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করছেন।
প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করছে। দেশি-বিদেশি ক্রেতাদের জন্য একই ছাদের নিচে সমন্বিত পণ্য সংগ্রহ ও সরবরাহসেবাও দিয়ে থাকে তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আন্তর্জাতিক স্বীকৃতি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিভাগের একক অর্জন নয়। বরং কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, কারিগরি কর্মী ও ব্যবস্থাপনা দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড সহযোগী, ব্যবসায়িক অংশীদার ও সরবরাহকারীদের আস্থাও এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পকারখানার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। একই সঙ্গে বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নেওয়ার লক্ষ্যও রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ অর্জন দেশের শিল্প উদ্যোক্তাদের পরিবেশবান্ধব উৎপাদনে উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্প খাতের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
