২৪ঘণ্টা অনলাইন : ২৩ মার্চ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাত থেকে যে উদ্যাপন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আগেই দেখা গিয়েছে। এই বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা করলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী? এই মুহূর্তে সৌরভ এবং শুভস্মিতার সম্পর্ক নিয়ে সরগরম স্টুডিয়োপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা এখনও শিকার করেননি দু’জনের কেউই।
প্রায় সব সাক্ষাৎকারেই সৌরভ জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছু নেই। সেই সম্পর্কের পরেও এটাই শুভস্মিতার প্রথম জন্মদিন। ফলে সৌরভ কি অনেক কিছু পরিকল্পনা করেছেন? নাকি এই দিনেও শুটিং চলছে? সৌরভ বললেন, “আজ শুটিং নেই। একটু কাজে বেরিয়েছি। রাতে খাওয়া-দাওয়া হবে।” প্রকাশ্যে না বললেও এই দিন যে শুভস্মিতার জন্যই ছুটি নিয়েছেন সৌরভ, তা কিছুটা আন্দাজ করা যায়। প্রশ্ন উঠতেই খানিকটা এড়িয়ে গিয়ে নায়ক বললেন, “না তেমন কোনও ব্যাপারই নেই। গতকাল রাতে জন্মদিনের উদ্যাপন হয়েছে। পরিবারের সবাই ছিলাম। আমরা একা ছিলাম না। তাই এখানে আর কোনও প্রশ্ন না তোলাই ভাল।”
শোনা গিয়েছিল, শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছেন সৌরভ এবং শুভস্মিতা। অভিনেতা বললেন, “একটা বড় দায়িত্ব রয়েছে আমাদের কাঁধে। ধারাবাহিকটা ভাল করে চলুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই বিয়ে, সম্পর্কের কথা নিয়ে এখনই ভাবছি না।” শুভস্মিতাকে জন্মদিনে কী উপহার দিলেন অভিনেতা? সে কথা অবশ্য গোপনই রাখতে চান অভিনেতা। সেই প্রসঙ্গ এড়িয়েই নায়ক বললেন, “শুভস্মিতা লড়াকু মেয়ে, ওর জন্য অনেক শুভেচ্ছা।” জন্মদিনের রাতে একসঙ্গে বিশেষ ‘ডিনার’-এ যাবেন তাঁরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।