২৪ঘণ্টা অনলাইন: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফী। প্রতি ঈদেই তার নতুন কিছু মানেই প্রেক্ষাগৃহে দর্শকের বাড়তি আগ্রহ। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। ঈদে মুক্তি পেয়েছে রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং ইতিবাচক প্রতিক্রিয়া নির্মাতাকে আবেগপ্রবণ করে তুলেছে।
দর্শকদের এমন অভাবনীয় সাড়া দেখে নির্মাতা স্পষ্টভাবেই জানালেন, ‘প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেক্ষাগৃহের একটি ভিডিও শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে দেখা যাচ্ছে, সিনেমা দেখে বের হওয়া দর্শকরা উচ্ছ্বাসের সঙ্গে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে নিজের তৃপ্তির কথা জানিয়ে রাফী লিখেছেন, ‘দর্শক যখন বলে এটা আপনার সেরা সিনেমা তখনই মনে হয়, প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক।’
নিজের আগের ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’-এর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার পরাণ ছবিটাও ধিরে ধিরে মানুষের মন জয় করে নিয়েছিলো এবারো এটা হচ্ছে, ধন্যবাদ দর্শক।’ ক্যাপশনের শেষে জুড়ে দিয়েছেন একরাশ ভালোবাসার ইমোজি। চারজন নারীর ব্যক্তিগত ও সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা এই চার নারীর জীবন কীভাবে এক বিন্দুতে মিলিত হয়, তাই দেখা গেছে ‘প্রেশার কুকার’-এ। সিনেমাপ্রেমীরা মনে করছেন, নারীকেন্দ্রিক গল্পের এই জয়জয়কার বাংলা সিনেমার জন্য এক ইতিবাচক সংকেত। বুবলী-তুষিদের শক্তিশালী অভিনয় আর রাফীর নির্মাণশৈলী সব মিলিয়ে ‘প্রেশার কুকার’ এই ঈদের অন্যতম সফল সিনেমা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।