২৪ঘণ্টা অনলাইন: ঢালিউডের বাতাসে গত কয়েক বছর ধরেই ভাসছে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের খবর। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সবখানেই দুজনকে দেখা যেত হাত ধরাধরি করে। নেটিজেনরা এক প্রকার নিশ্চিতই ছিলেন যে, তাদের পর্দার পেছনের রসায়নটা কেবল বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নেই।
সম্প্রতি এক অনুষ্ঠানে তমাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে?’ এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তমা দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মানে কী বলবো? ট্রু না ফলস বলবো? মানে ট্রু অর ফলস।’ উপস্থাপিকা তখন তাকে সত্য-মিথ্যা কিংবা ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ দিলে তমা কোনো রাখঢাক না রেখেই সরাসরি জানিয়ে দেন, ‘আচ্ছা... না।’
তমার এই সোজাসাপ্টা ‘না’ তে শুধু উপস্থাপিকাই নন, অবাক হয়েছেন তার ভক্তরাও। কয়েক বছর ধরে চলা নিবিড় সম্পর্কের এমন অবসান বা অস্বীকার মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন উঠেছে, তবে কি তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের পথটাও এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে? বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তমা কিছুটা নমনীয় হয়ে উত্তর দেন। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’ তমা মির্জার এই মন্তব্যে পরিষ্কার যে, রাফীর সঙ্গে তার সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা পড়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।