শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে সোনার বড় দরপতন চলছে

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৪:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক বাজারে সোনার দামে আবারও বড় ধরনের ধস নেমেছে। ২৩ মার্চ এক দিনেই মূল্যবান এই ধাতুর দাম ৬ শতাংশের বেশি কমেছে। এতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলারের ঘরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে দামের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারেও, যেখানে গত সপ্তাহেই সোনার দাম রেকর্ড পরিমাণ কমানো হয়েছে।

বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের ওপর নজর রাখা নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা যায়, আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ২৭৩ ডলার কমে ৪ হাজার ২১৮ ডলারে নেমেছে। এর ঠিক এক দিন আগেই এই দাম ছিল ৪ হাজার ৪৯৪ ডলার। হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে সোনার দামে বড় ব্যবধান তৈরি হয়েছে। গত ১৪ মার্চ প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সেই হিসাবে মাত্র সাত দিনের ব্যবধানে আউন্সপ্রতি সোনার দাম কমেছে ৮০২ ডলার।

বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে গত ১৯ মার্চ এক দিনেই দুই দফা সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে আসে। দেশের বাজারে আজও নির্ধারিত ওই দাম অনুযায়ীই সোনা কেনাবেচা হচ্ছে। বাজুসের বর্তমান দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সোনার দামের সঙ্গে গত ১৯ মার্চ রুপার দামও কমানো হয়েছিল। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর বাজার পরিস্থিতি ও মূল্যসমন্বয়ের কারণে দামে ওঠানামা শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ সোনার বাজারে এই বড় দরপতন লক্ষ করা যাচ্ছে। গোল্ডপ্রাইস-এর তথ্যমতে, এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বাড়ার কারণে দেশের বাজারেও এর বড় প্রভাব পড়েছিল। গত ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এক ধাপে সোনার দাম আগে কখনোই এতটা বাড়ানো হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।