২৪ঘণ্টা অনলাইন : প্রতি ঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বিশেষ একটি নাটক নির্মাণ করে থাকেন নন্দিত সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত। তার নির্মিত এই নাটকে থাকে ভিন্নধর্মী গল্প, মানবিক আবেগ এবং সমাজঘনিষ্ঠ বক্তব্য। বরাবরের মতো এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে।
নাটকের গল্পে দেখা যাবে—রানা ও নীলা ছোটবেলা থেকে একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময়ই মিষ্টি ঝগড়া আর খুনসুটি লেগে থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর সে আবার দেশে ফিরে আসে এবং বাবা–মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামের বাড়িতে। সেখানেই দেখা হয় শৈশবের সেই খেলার সাথি রানার সঙ্গে। বহুদিন পর দেখা হওয়া দুই বন্ধুকে ঘিরে ঘটতে থাকে অপ্রত্যাশিত নানা ঘটনা। পুরোনো স্মৃতি আর নতুন অনুভূতির টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে গল্প।
নাটকে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে রয়েছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়ন প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।