২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে একটি চক্র। বিষয়টি নজরে আসার পরপরই এক পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুসারীদের সতর্ক করেছেন থ্রি ইডিয়টস খ্যাত এই অভিনেতা। সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে মাধবন জানিয়েছেন, ওই অ্যাকাউন্টের সঙ্গে তার বা তার টিমের কোনো সম্পর্ক নেই।
অভিনেতা আরও উল্লেখ করেন, জনৈক ব্যক্তি তার পরিচয় ব্যবহার করে ভক্তদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই সবাইকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মাধবন।
বলিউডে তারকাদের নাম ব্যবহার করে সাইবার জালিয়াতি বা 'ডিপফেক' প্রযুক্তির অপব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর আগে অনেক তারকা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও ভাবমূর্তি বজায় রাখতে আদালতের শরণাপন্ন হয়েছেন। মাধবনও বড় কোনো আর্থিক ক্ষতি বা বিভ্রান্তি ছড়ানোর আগেই ভক্তদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য, আর মাধবন বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তার অভিনীত ‘ডিকাপলড’ মুক্তি পেয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পাওয়া তার ‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট তকমা পেয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।